০৬ মার্চ, ২০২২
যুদ্ধের মধ্যেও ইউরোপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে রাশিয়া। রোববার রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানী সংস্থা গাজপ্রমের বরাত দিয়ে এই তথ্য জানায় রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।গাজপ্রমের মুখপাত্র সের্গেই কুপরিয়ানভ জানান, যুদ্ধের মধ্যেই ইউক্রেন হয়ে তারা ইউরোপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছেন।
তিনি বলেন, ‘গাজপ্রম ইউক্রেনের ভূমি দিয়ে রুশ গ্যাস নিয়মিত মাত্রাতেই এবং ইউরোপীয় ভোক্তাদের চাহিদা অনুসারেই সরবরাহ অব্যাহত রেখেছে।’ইন্টারফ্যাক্স জানিয়েছে, রোববার রাশিয়া থেকে ১০ কোটি ৯৫ লাখ কিউবিক মিটার গ্যাস সরবরাহ করা হয়েছে।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এর পরিপ্রেক্ষিতে অনেকেই শঙ্কা করেছিলো, রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।
পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সূত্র : আলজাজিরা