জেলেনস্কিকে হত্যা করা হলে কি করবে ইউক্রেন?

০৮ মার্চ, ২০২২

ইউক্রেনকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যথায়, রাশিয়ার লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশটিতে রুশ সেনা অভিযান চলবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে, রবিবার রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেছেন, সরকারের ধারাবাহিকতা নিশ্চিত করার ব্যাপারে পরিকল্পনা রয়েছে ইউক্রেনীয়দের। এমনকি সে দেশের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে রাশিয়া যদি মেরেও ফেলে, সে ক্ষেত্রেও ইউক্রেনীয়দের করণীয় সম্পর্কে পরিকল্পনা রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

ব্লিংকেনকে এ ব্যাপারে প্রশ্ন করেন সাংবাদিক মার্গারেট ব্রেনন। মূলত তার পররাষ্ট্রনীতি বিষয়ক অনুষ্ঠান 'ফেস দ্য নেশন'-এ প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন গণমাধ্যম সিএনএন ও ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে। অ্যান্টনি ব্লিংকেন আরও বলেছেন, তিনি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে দেখা করেছেন। যদিও সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।