কৃত্রিমভাবে পাকানো হচ্ছে কলা

০৫ এপ্রিল, ২০২২

রমজান মাসে চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃত্রিমভাবে পাকানো কলায় সয়লাব হয়ে গেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর, ভানুগাছ বাজার, মুন্সিবাজার, আদমপুরসহ স্থানীয় বিভিন্ন বাজার। পাশাপাশি কলার দামও অস্বাভাবিক হয়ে উঠছে। সরকারিভাবে কলার দাম নির্ধারণ না থাকায় যে যেভাবে সম্ভব ভোক্তাদের কাছ থেকে দাম আদায় করে নিচ্ছে। এতে দিশেহারা হয়ে পড়ছেন রোজদার ভোক্তা সাধারণ।

দেখা যায়, বাজারের বিভিন্ন স্থানে স্থানে ব্যবসায়ীরা কলা সাজিয়ে রেখেছেন। এর মধ্যে চাম্পা কলা ও সাগর কলার সংখ্যাই বেশি। পাকা কলার পাশাপাশি গাছ থেকে কেটে আনা কাঁচা কলার ছড়িও রাখা হয়েছে। তবে সেগুলো গর্তে রেখে কিংবা কেমিক্যালের মাধ্যমে পাকানোর পর চড়া দামে বিক্রি করা হচ্ছে।

শনি ও রোববার রমজানের বাজার থাকায় হাটবাজারগুলোতে কলার ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে কোথাও দাম কম দেখা যায়নি। ছোট সাইজের এক ডজন পাকা চাম্পা কলা ৮০ থেকে ৯০ টাকা হারে বিক্রি করা হচ্ছে। আবার এক হালি ২৫ টাকা থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। সাগর কলার ক্ষেত্রে এক হালি ৪০ টাকা হিসেবে বিক্রি করা হচ্ছে। তবে বাজারের এসব কলার অধিকাংশই কৃত্রিমভাবে পাকানো ও নিম্নমানের রয়েছে বলে স্থানীয়দের অভিমত।