রমনায় বর্ষবরণের অনুষ্ঠান শুরু

১৪ এপ্রিল, ২০২২

রমনার বটমূলে সূচনা হয়েছে বর্ষবরণ ১৪২৯ এর অনুষ্ঠান। এর পরপরই পরিবেশন করা হয়েছে সম্মেলক কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘মন, জাগ’ মঙ্গললোকে’।

এর মধ্য দিয়ে করোনার কারণে দুই বছর বন্ধ থাকার পর আজ সাড়ম্বরে উদ্‌যাপন শুরু হলো পয়লা বৈশাখের। অনুষ্ঠানস্থলের চারপাশ ঘিরে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

ছায়ানটের বর্ষবরণের এ অনুষ্ঠান সাজানো হয়েছে ৩৭টি আয়োজন দিয়ে। এর মধ্যে পঞ্চকবির গান, ব্রতচারীদের ‘বাংলা ভূমির প্রেমে আমার প্রাণ হইল পাগল’, লোকগান ‘নাও ছাইড়া দে মাঝি, পাল উড়াইয়া দে’ প্রভৃতি গান রয়েছে। সঙ্গে থাকছে আবৃত্তি-পাঠের মতো বিষয়গুলোও।