১৭ এপ্রিল, ২০২২
যথাযোগ্য মর্যাদায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার(১৭ মার্চ) মুজিবনগর দিবস পালন করা হয়েছে। দুপর ২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মারক ম্যুরাল জনক জ্যোতির্ময় এ ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
বিশ্ববিদ্যালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শ্রদ্ধাঞ্জলি শেষে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর জাতিকে একত্রিত করার জন্য অস্থায়ী সরকার গঠনের প্রয়োজন দেখা দেয়। তৎকালীন নেতৃত্বের দক্ষতায় অল্পসময়েই অস্থায়ী সরকার গঠন করা হয়। ১৭ এপ্রিল সেই সরকারের শপথের ইতিহাস মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকে সঠিক দিকনির্দেশনায় পরিচালিত করেন। ফলে অল্প সময়ে বাঙালির বিজয় অর্জিত হয়।
উপ-উপাচার্য প্রফেসর ড. মোস্তফা কামাল খান বলেন, ১৭ এপ্রিল প্রবাসী সরকারের বলিষ্ঠ নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। তাদের সঠিক পথ নির্দেশনার কারণে মুক্তিযুদ্ধের নয়মাসেই বিজয় অর্জন সম্ভব হয়েছে। মুজিব নগর সরকারের নেতৃত্ব মূলত বঙ্গবন্ধুর দেখানো পথেই গঠিত হয়েছিল। দেশের জন্য তিনি যে আত্মত্যাগ করেছেন ইতিহাসে তা অমর হয়ে আছে।এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তর প্রধানসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।