২০ এপ্রিল, ২০২২
ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে আহত কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নাহিদ হাসান (২০) চিকিৎসাধীন অবস্থায় রাতে ঢাকা মেডিকেল কলেজে মারা যান। এছাড়া নয়জন গণমাধ্যমকর্মীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।
সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার যাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় তাদের মধ্যে আছেন কাজী সুমন (২৫), কবির (৩৮), সাজ্জাদ (৪৫), সাগর (১৮), আপেল (৩৫), রাজু (১৬), রাসেল (১৪), রাহাত (১৮), অলিফ (২২), মহিউদ্দিন (২৬), রুবেল (২৫), আরাফাত জামান (১৮), ইয়াসিন (১৭), নাজমুল (২০), রায়হান (১৭), রাসেল (২৬), হৃদয় (১৮), মেহেদী (১৮), রিমা (২০), মুন্না (২২), নাসির (২৪), আকাশ (২২) প্রমুখ।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, সংঘর্ষের ঘটনায় দুপুর পর্যন্ত আমাদের এখানে ৪০ জন আহত ব্যক্তি এসেছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এই দুজনসহ চারজনকে ভর্তি রেখে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রেসপন্স টিম তৈরি করে অন্য আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের ভর্তি রাখা হয়েছে তারা হলেন দোকান কর্মচারী মোরসালিন, ইয়াসিন, অজ্ঞাত পুরুষ (২৫) ও শিক্ষার্থী কানন চৌধুরী। আহত কানন ঢাকা কলেজ দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। দোকান-কর্মচারী মোরসালিনের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকন্দিতে।