০২ মে, ২০২২
ঈদকে সামনে রেখে ব্যস্ততার মধ্যেই ভূ-কম্পনে হঠাৎ কেঁপে উঠেছে রাঙামাটিসহ দেশের পার্বত্যাঞ্চল। শনিবার দিনগত ৯টা ১৫মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূ-কম্পন অনুভূত হয়।ঈদের কেনাকাটায় ব্যস্ত লোকজন ভূ-কম্পনে আতঙ্কিত হয়ে ওঠেন।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পার্বত্যাঞ্চলের জেলাগুলোর কোথাও কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি ।
রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, আতঙ্কিত হবার কিছু নেই। এখন পর্যন্ত কোন ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসারগণকে খবরাখবর নেবার জন্য বলা হয়েছে।
জানা গেছে, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের ফালাম শহরে। রিখটার স্কেলে যার মাত্রা ৪ দশমিক ৯। এর প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বের পার্বত্যাঞ্চলে। ভারতের মিজোরাম রাজ্যেও এর প্রভাব অনুভূত হয়েছে বলে খবর।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের মনিওয়া শহর থেকে ১১৫ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে। কেন্দ্রের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটি মিয়ানমারে চার থেকে পাঁচ সেকেন্ড স্থায়ী হয়েছিল বলে জানা গেছে।