১৩ জুন, ২০২২
সিলেটের বিয়ানীবাজারে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাতে সাড়ে ১১টার দিকে উপজেলার পৌরসভার শ্রীধরা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আহমদ আল আবী (১৩) বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য নোমান আহমদের ছেলে এবং খলিল চৌধুরী আদর্শ বিদ্যানিকেতনের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, ঘরে দরজা বন্ধ পেয়ে তাকে অনেক ডাকাডাকি করা হয়। কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘর থেকে নিহত আহমদ আল আবীরের ট্যাব জব্দ করে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, পরিবারের সবাই আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়িতে একা ছিল আহমদ আল আবী। সে ঘরের প্রবেশ ফটক (কেসি গেইট) তালা দিয়ে ঘরের ভেতর একা ছিল।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি ষ্পষ্ট। তবে কী কারণে সে আত্মহনন করেছে সেটি ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
ওসি জানান, নিহত কিশোরের পরনে তার বড় বোনের পায়জামা, কামিজ ও ওড়না ছিল। আর লাশটি ঝুলন্ত অবস্থায় ওড়না দিয়ে মুখ ঢাকা ছিল।
সূত্র : ইউএনবি