১৪ জুন, ২০২২
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি সংলগ্ন ফটকের সামনে গাছের সাথে ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। সাহেব আলী নামের নিহত ওই ব্যক্তি চালকের সহকারী ছিলেন। এ ঘটনায় আরেক সহকারী সাইফুল ইসলাম গুরুতর আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সম্পর্কে চাচাতো ভাই এবং তাদের বাড়ি খুলনায়। মঙ্গলবার ভোর রাতে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চাল ঘুম চোখে গাড়ি চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ট্রাকটি (ঢাকা মেট্রো ড ১২-১৪৩৬) আম নিয়ে রাজশাহী থেকে খুলনার দিকে যাচ্ছিল। গাছের সাথে গাড়িটি ধাক্কা লাগলে গাড়িটির সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়। পরে ভোর সাড়ে ৫ টার দিকে প্রত্যক্ষদর্শীরা গাড়িটিকে দূর্ঘটনা কবলিত অবস্থায় গাছের সাথে লেগে থাকতে দেখেন। এসময় চালকের সহকারী সাইফুল রাস্তায় আহত অবস্থায় পড়ে ছিলেন। অন্যজন গাড়ির ভিতরে ছিলেন। পরে বিশ^বিদ্যালয়ের এক শিক্ষার্থী ৯৯৯ এ কল করলে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গাড়ি কেটে সাহেব আলীকে নিহত অবস্থায় বের করেন।
এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বলেন, ‘আমরা জানতে পেরেছি চালক ঘুম ঘুম অবস্থায় গাছের সাথে ধাক্কা দেন। তথ্য পেয়ে ভোরে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভিতর থেকে চালকের এক সহকারীকে নিহত অবস্থায় ও আরেক সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন।’