০৮ জুলাই, ২০২২
জমে উঠেছে রাজধানীর কুরবানির পশুর হাট। গরু, ছাগল, মহিষসহ সব ধরনের পশু বিক্রি হচ্ছে। তবে শুক্রবার ও শনিবার হাট পুরোপুরি জমে উঠার আশা করছেন ইজারাদার ও বিক্রেতারা।
বৃহস্পতিবার দুপুরে কমলাপুরের পশুর হাটে দেখা যায়, তেমন ক্রেতা নেই। তবে সন্ধ্যার পর থেকে হাটে ক্রেতার আগমন বাড়তে থাকে। কিছুক্ষণ পরপরই একেকজনকে গরু কিনে বের হতে দেখা যায়। এর মধ্যে দুটি গরু ৬০ হাজার টাকা করে, একটি ৯০ হাজার টাকা, একটি এক লাখ ১৫ হাজার টাকা, একটি এক লাখ ২২ হাজার টাকা এবং একটি এক লাখ ৫০ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে যেতে দেখা যায়।
হাট থেকে গরু নিয়ে বের হলেই মানুষের জিজ্ঞাসা-ভাই দাম কত? এজন্য ক্রেতাদের কেউ কেউ গরুর দাম লিখে প্ল্যাকার্ড ধরে নিয়ে যাচ্ছেন। কেউ দাম জানতে চাইলে প্ল্যাকার্ড উঁচু করে ধরছেন। মেহেরপুরের গাংনি থেকে আক্কাস আলীসহ চারজন ১৫টি গরু নিয়ে এসেছেন তিন দিন আগে।
আক্কাস আলী বলেন, আমাদের একটি গরু বিক্রি হয়েছে এক লাখ ১৫ হাজার টাকায়। ভলোই লাভ হয়েছে বলে তিনি জানান। অন্যগুলো শুক্রবার বিক্রি করে দেওয়ার আশা করে তিনি বলেন, আর মাত্র দুদিন আছে। শুক্র ও শনিবার ছুটির দিন পড়ায় ভালো হয়েছে। এতে হাটে ক্রেতা বাড়বে। বিক্রেতারাও গরু বিক্রি করে লাভ করতে পারবেন। এ হাটে মুগদা থেকে গরু কিনতে এসেছেন আনিস রহমান।
তিনি বলেন, হাটে ছোট থেকে বড় সব ধরনের গরু আছে। দামও অনেক বেশি চাচ্ছে। বাজেট অনুসারে গরু মেলানো কষ্ট হচ্ছে। কিন্তু প্রতিবছরই আগে দাম বেশি থাকে, পরে কিছুটা কমে। এজন্য আজকে দেখতে আসছি। কাল সময় নিয়ে ভালোভাবে যাচাই করে কিনে নিয়ে যাব।
হাটের ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার কিছুটা বাড়তি দামে গরু বিক্রি হচ্ছে। এর পেছনে তারা গবাদি পশুর খাদ্যের বাড়তি দামকে দায়ী করেছেন।
সন্ধ্যা থেকে এ হাটে ঘুরে মাঝারি ধরনের গরু বেশি বিক্রি হতে দেখা গেছে। মাতুয়াইল থেকে হাটে এসেছেন ইরতিজা হাসান। দুটি গরু কিনেছেন তারা। একটির দাম ২ লাখ ৩০ হাজার, অন্যটি ২ লাখ ১০ হাজার টাকা। ইরতিজা বলেন, গরুর দাম ব্যাপারীরা একটু বেশিই চান। গত বছর যে গরু ছিল ২ লাখ, এবার সেটা ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখে বিক্রি হচ্ছে। কিন্তু আমাদের তো কিছু করার নেই। গরু তো কিনতেই হবে। তাই দর কষাকষি করে দুটো গরু কিনেছি।