বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত

১৭ জুলাই, ২০২২

নেত্রকোণা খালিয়াজুরী উপজেলার শালদিঘা কান্দাপাড়া গ্রামে শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে  বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত হয়েছেন।

রোববার (১৭ জুলাই) দুপুরে খালিয়াজুরীর লেপসিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম মুক্তার মিয়া (৩৭)। তিনি অভিযুক্ত মিলন মিয়ার ছোট ভাই।

জানা গেছে, শনিবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে মোক্তার তার মা ও বোনের সঙ্গে ঋণ পরিশোধের বিষয় নিয়ে কথা -কাটাকাটি করছিলেন। এ সময় মুক্তারের বড় ভাই মিলনের সঙ্গেও ঝগড়া শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মোক্তারকে ঘুষি দেন মিলন। এ সময় মুক্তার মাটিতে লুটিয়ে পড়ে এবং মারা যান।

খালিয়াজুরীর লেপসিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম খান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি।