২৪ জুলাই, ২০২২
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে অবলোপনকৃত মন্দ ঋণের পরিমাণ বাড়ছে। সদ্যসমাপ্ত ২০২১-২২ অর্থবছর শেষে রাষ্ট্রায়ত্ত ছয়টি বাণিজ্যিক ব্যাংকে অবলোপনকৃত মন্দ ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৭ হাজার ৬১২ কোটি আট লাখ টাকা। এর আগের অর্থবছর (২০২০-২১) শেষে অবলোপনকৃত মন্দ ঋণের স্থিতি ছিল ১৭ হাজার ৪২৫ কোটি ১৮ লাখ টাকা। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বিভিন্ন সরকারি ব্যাংকের পরিসংখ্যান পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
সূত্র জানায়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে সম্পাদিত ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’র (এপিএ) লক্ষ্যমাত্রা অনুযায়ী, গত জুন শেষে ব্যাংকগুলোর অবলোপনকৃত ঋণ স্থিতির লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ২৯৭ কোটি টাকা। সে হিসাবে লক্ষ্যমাত্রা অনুযায়ী অবলোপনকৃত ঋণের স্থিতি কমিয়ে আনতে পারেনি ব্যাংকগুলো। লক্ষ্যমাত্রার চেয়ে স্থিতির পরিমাণ ৩১৫ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।
সমাপ্ত অর্থবছরে অবলোপনকৃত ঋণ থেকে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর আদায়ের পরিমাণ এ সময়ে বেড়েছে। আলোচ্য সময়ে আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিল ১৯২ কোটি টাকা। বিপরীতে ব্যাংকগুলো আদায় করেছে ২৭৫ কোটি ২৪ লাখ টাকা। অবলোপনকৃত ঋণ আদায়ে সোনালী, জনতা ও বেসিক ব্যাংক এপিএ’র লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে। লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি অগ্রণী, রূপালী ও বিডিবিএল।