রাজনৈতিক কর্মসূচিতে বাঁধা দেওয়ার নির্দেশনা নেই : হানিফ

১৮ আগস্ট, ২০২২

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন সরকারের পক্ষ থেকে কোনো রাজনৈতিক দলের কোনো কর্মসূচিতে বাঁধা দেওয়ার নির্দেশনা নেই। তাই সবাই নির্বিঘ্নে কর্মসূচি পালন করতে পারবে। তবে কর্মসূচির নামে ধ্বংসাত্মক ও সহিংস কার্যকলাপ করলে প্রতিরোধ করার জন্য সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেবে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, সরকারের পায়ের নিচের মাটি কংক্রিটের মতো শক্ত। আওয়ামীলীগের শেকড় অনেক গভীরে। বিএনপির পায়ের নিচে মাটি না থাকায় তারা সরকারের নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। বিএনপির সড়যন্ত্র হলো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করা। আর বিদেশিদেও কাছে ধরনা দিয়ে সরকার পতনের চেষ্টা করা। তাদের সেই স্বপ্ন কখনো পূরণ কবে না। দেশের মানুষ শেখ হাসিনার প্রতি আস্থাশীল। যতদিন মানুষ শেখ হাসিনার প্রতি আস্থাশীল থাকবে ততদিন কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না।

বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বেলা ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া ও সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা।