শিক্ষার্থীদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

৩১ আগস্ট, ২০২২

শতভাগ আবাসন এবং ক্যাম্পাসের ভিতরে ও বাহিরে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এসব দাবি নিয়ে বুধবার ক্যাম্পাসে পৃথকভাবে মানববন্ধন করেছে শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও ছাত্র মৈত্রী। দলীয় নেতাকর্মীরা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। পরে ছাত্রলীগের পক্ষ থেকে প্রশাসনকে স্মারকলিপি প্রদান করা হয়।

গত সোমবার ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া এলাকার ভাড়া বাসায় স্থানীয় বখাটে কর্তৃক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর গোসলের ভিডিও ধারণের পরিপ্রেক্ষিতে এসব কর্মসূচি পালন করেছে ছাত্র সংগঠনগুলো। এসময় ওই ঘটনার সঙ্গে জড়িতের বিচার দাবি করেন তারা।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১ টায় প্রশাসন ভবনের সামনে মানবন্ধন করে শাখা ছাত্র মৈত্রী। শাখার সহসভাপতি মোরশেদুল আলম ও সাধারণ সম্পাদকের মুতাসিম বিল্লাহ পাপ্পুর নেতৃত্বে মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন। একইস্থানে দুপুর ১২টার দিকে মানববন্ধন করে শাখা ছাত্রলীগ। শাখা সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। পরে বেলা দেড়টায় ডায়না চত্বরে মানবন্ধন করে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের নেতাকর্মীরা। এর আগে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। সভাপতি জি কে সাদিক ও সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস কর্মসূচির নেতৃত্ব দেন। শিক্ষার্থীরা দাবি সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে এসব কর্মসূচিতে অংশ নেন।

এদিকে মানববন্ধন শেষে উপাচার্য বরাবর দাবি সংক্রান্ত স্মারকলিপি প্রদান করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া ও প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বখাটে কর্তৃক আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ ও শৈলকুপা সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী শিক্ষার্থী। পরে সেদিনই সন্দেহ ভাজন সাগর (২০) নামের একজনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ধারা ৮ এর ১ ও ২ উপধারায় মামলা দিয়ে তাকে ঝিনাইদহ আমলী আদালতে পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।