ডেঙ্গু আক্রান্ত আরও ৩৮১রোগী হাসপাতালে ভর্তি, ২ জনের মৃত্যু

১৭ সেপ্টেম্বর, ২০২২

একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছর ডেঙ্গু জ্বরে ৪৪ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ডেঙ্গু রোগী নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৩ জনে।

আজ শনিবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৮১  জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৩০২ জন এবং ঢাকার বাইরে ৭৯ জন। নতুন ৩৮১ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৩ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১০৩ জন এবং ঢাকার বাইরে ৩৯০ জন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ১০ হাজার ৭৭৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ৯ হাজার ২৪০জন।