২৫ সেপ্টেম্বর, ২০২২
পাবনায় তিনদিনে ১৪ লাখ টাকা ছিনতাই, প্রকাশ্যে দিবালোকে প্রায় ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন।গত তিনদিনে ছিনতাইকারীরা দু’ব্যবসায়ীর নিকট থেকে ১৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। এক গেঞ্জি ব্যবসায়ীর নিকট থেকে নগদ ১০ লাখ টাকা এবং এক চাল ব্যবসায়ীর নিকট থেকে নগদ তিন লাখ টাকা ও এক লাখ টাকার একটি চেক ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।
প্রকাশ্য দিবালোকে গেঞ্জি ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাইয়ের তিনদিনেও টাকার কোন হদিস মেলেনি। হদিস মেলেনি চাউল ব্যবসায়ীর তিন লাখ টাকা ছিনতাইয়েরও। দু’টি ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী কামরুল ইসলাম খোকন এবং মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম জানান, গত ২২ সেপ্টেম্বর দুপুর পাবনা শহরে অবস্থিত জনতা ব্যাঙ্ক কর্পোরেট শাখা হতে দুপুর সাড়ে ১২টার দিকে নগদ তিন লাখ টাকা এবং এক লক্ষ টাকার চেক একটি কালো চামড়ার ব্যাগে নিয়ে রিক্সায় অনন্ত বাজার এলাকার বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে শিবরামপুর কাঁলাচাদপাড়া এলাকায় তিনজন দুর্বৃত্ত একটি কালো মোটর সাইকেলে এসে রিক্সার গতি রোধ করে। এ সময় তারা পিস্তল ও ধারালো অস্ত্র ধরে ভয় দেখিয়ে টাকার ব্যাগ জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায়। দিনের আলোয় তারা প্রকাশ্যে ছিনতাই করে নির্বিঘ্নে পালিয়ে যায়। সন্ত্রাসীরা একজন মাস্ক পরিহিত ও দু’জন মুখ খোলা অবস্থায় ছিলো। আশেপাশের বাড়ির সিসি ক্যামেরায়ও ঘটনার ফুটেজ রয়েছে।
এদিকে, ঘটনার তিনদিনেও ছিনতাই হওয়া টাকা উদ্ধার হয়নি। অপরাধীরাও সনাক্ত হয়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে সদর ফাঁড়ির পুলিশ সদস্যরা কাজ করছেন। সিসি ফুটেজ যাচাই করে অপরাধীদেও গ্রেফতারে কাজ করছে পুলিশ। আশা করছি দ্রুতই অপরাধীরা ধরা পড়বে।
গত বৃহস্পতিবার পাবনার হাজিরহাট এলাকা থেকে গেঞ্জি-কাপড় ব্যবসায়ী কামরুল ইসলাম খোকনকে মাইক্রোবাসে তুলে নিয়ে ১০ লাখ টাকা ছিনতাই করে সাভারে মহাসড়কে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায়ও খোয়া যাওয়া টাকা উদ্ধার এবং আসামিরা গ্রেফতার হয়নি। পাবনায় প্রায় এ ধরণের ছিনতাইয়ের ঘটনায় বিশেস করে ব্যবসায়ী মহল চরম উদ্বিগ্ন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর তদারকী বৃদ্ধি ও বাস্তবমূখি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।