২৩ নভেম্বর, ২০২২
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তত্তাবধায়ক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলের আপত্তিকর কথোপকথন ফাঁসের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট হয়েছে দাবি করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবির প্রেক্ষিতে ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২০ নভেম্বর উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম এ কমিটি গঠন করেন।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলামকে আহবায়ক করা হয়েছে। এছাড়া ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমানকে সদস্য ও একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খানকে সদস্য সচিব করা হয়েছে।
রেজিস্ট্রার দপ্তর স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের তত্তাবধায়ক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলের আপত্তিকর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিশ^বিদ্যালয়ের সুনাম বিনষ্ট হয়েছে বলে শিক্ষার্থীরা আবেদনে উল্লেখ করেছে। এ ধরণের নৈতিক স্খলনে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবিও করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য মাননীয় উপাচার্য এ কমিটি গঠন করেছেন।
কমিটির সদস্য অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যেই একটি মিটিং করা হয়েছে। কমিটি দ্রুত সময়ের মধ্যেই কাজ শেষ করে প্রতিবেদন জমা দেবে।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছাত্রীর সঙ্গে ওই প্রকৌশলীর কথোপকথনের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ১৯ অক্টোবর একদল শিক্ষার্থী ওই প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রকৌশল দপ্তরে বিক্ষোভ করে। পরে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করে।