১৪ ডিসেম্বর, ২০২২
চাল ও গম আমদানিতে এলসির (ঋণপত্র) নগদ মার্জিন হার ন্যূনতম রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এ নির্দেশনা দেয়া হয়।
এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবে আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) বিঘ্নিত হওয়ায় খাদ্যশস্যের মূল্য বৃদ্ধির বিষয়টি পরিলক্ষিত হচ্ছে। এতদ্ব্যতীত আন্তর্জাতিক পণ্য পরিবহন ব্যয়ও বৃদ্ধি পাওয়ায় খাদ্যশস্যের মূল্যের উপর এর নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হচ্ছে। ভবিষ্যত খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য দেশের প্রধান খাদ্যশস্য চাল ও গমের মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ নিরবচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখা আবশ্যক।
এতে আরো বলা হয়, বর্ণিত প্রেক্ষাপটে, অভ্যন্তরীণ বাজারে চাল ও গমের মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং সরবরাহ ব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে চাল ও গম আমদানির ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।