২৫ ফেব্রুয়ারি দেশের সকল জেলায় পথযাত্রার ঘোষণা বিএনপির

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আগামী ২৫ ফেব্রুয়ারি দেশের সকল জেলায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিদ্যুৎ, গ্যাস এবং চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দমন-নিপীড়নের প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি ও গণ-বিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে এ পদযাত্রা ঘোষণা করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিবৃতির মাধ্যমে আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী জেলা পর্যায়ে পদযাত্রা সফল করে গণবিরোধী সরকার সৃষ্ট জনদুর্ভোগের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ে চলমান গণ-আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন ।

উল্লেখ্য, আজ দেশব্যাপী মহানগর পদযাত্রায় নেতৃত্ব থাকা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবরা স্ব স্ব পদযাত্রা কর্মসূচি থেকে এ কর্মসূচি ঘোষণা করেন।