০৮ মে, ২০২৩
গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় একটি পোশাক তৈরির কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। যুক্ত হয়েছে সেনাবাহিনীও।
রোববার (৭ মে) রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো: ইকবাল হোসেন জানিয়েছেন, তাদের আটটি ইউনিট কাজ করছে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। রোববার রাত সাড়ে ১০টার পর গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্থানীয়রা জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে কারখানাটির পাঁচ তলায় আগুন লাগে। এ সময় কারখানার ভেতরে কাজ করছিলেন শ্রমিকরা। আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা তাড়াহুড়ো করে কারখানা থেকে নেমে সড়কে অবস্থান নেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর ও উত্তরা ফায়ার সার্ভিসের আরো পাঁচটিসহ মোট আটটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন।