রাশিয়া থেকে এক লাখ ৮০ হাজার টন সার কিনবে সরকার

০২ জুন, ২০২৩

রাশিয়া থেকে এক লাখ ৮০ হাজার টন এমওপি সার কিনবে সরকার। শুক্রবার (২ জুন) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, আগামী ২০২৩-২৪ অর্থবছরে রাশিয়া থেকে এই সার কেনা হবে। এরই মধ্যে বৃহস্পতিবার (১ জুন) মস্কোয় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও রাশিয়ার স্টেট করপোরেশন পোডিনটর্গের মধ্যে এ বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়েছে।

বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও পোডিনটর্গের মহাপরিচালক আন্দ্রেই সের্গেইভিচ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় কৃষিসচিব ওয়াহিদা আক্তার, বিএডিসির সদস্য পরিচালক আব্দুস সামাদ ও কৃষি মন্ত্রণালয়ের উপপ্রধান বদিউল আলম উপস্থিত ছিলেন।