বরিশালে কলেজ ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৮ জুন, ২০২৩

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রবাসের কক্ষ থেকে মাইনুল ইসলাম (২৩) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিল সে।

ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হলের ১৩৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্র হলেও মুসলিম হলের পরিত্যক্ত একটি কক্ষ থেকে শনিবার (১৭ জুন) বিকাল ৪টার দিকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে দুদিন ধরে নিখোঁজ ছিল মাইনুল।

এ ব্যাপারে জানতে চাইলে বিএম কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া জানান, কলেজের মুসলিম হলের পরিত্যক্ত ১৪১ নম্বর কক্ষ থেকে দুর্গন্ধ আসে। তখন শিক্ষার্থীরা ওই কক্ষে ঢুকে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। বিষয়টি কলেজ প্রশাসনকে জানালে পুলিশকে খবর দেওয়া হয়। 

পরে তারা এসে মরদেহ উদ্ধার করার পর সেটি শিক্ষার্থী মাইনুল ইসলামের মরদেহ বলে শনাক্ত করে অন্য শিক্ষার্থীরা। মাইনুল ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক হলের ১৩৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী ছিল। নিহতের রুমমেটের বরাত দিয়ে অধ্যক্ষ বলেন, গত ১৫ জুন সন্ধ্যায় বের হওয়ার পর আর রুমে ফেরেনি মাইনুল।

ঘটনাস্থলে থাকা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক বিপ্লব কুমার মিস্ত্রি  বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুদিন আগেই পরিত্যক্ত ওই ঘরের টিনের চালার আড়ার সঙ্গে রশি ঝুলিয়ে ফাঁস নিয়েছে  ওই শিক্ষার্থী। লাশে পচন ধরেছে। গরমের কারণে পচন একটু বেশি হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। 

এদিকে রায়হান নামে আবাসিক হলের এক শিক্ষার্থী বলেন, ‘মাইনুল প্রেম করত। দুদিন আগে প্রেমিকার সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হয়েছিল তার। এ কারণেই আত্মহত্যা করে থাকতে পারে সে।