২০ জুন, ২০২৩
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর (বিএমডি) জানিয়েছে, মঙ্গলবার (২০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিএমডি’র পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এদিকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেট জেলায়।
এছাড়া আগামী ৭২ ঘণ্টায় সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে আরো বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় নিম্নচাপটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল জুড়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এতে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
সূত্র : ইউএনবি