২০ জুন, ২০২৩
ঈদুল আজহার আগে বাজারে আসছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সম্বলিত ১০০ ও ২০০ টাকার নতুন নোট।
মঙ্গলবার (২০ জুন) থেকে নতুন নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা থেকে পাওয়া যাবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।
গতকাল সোমবার (১৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন মুদ্রিত ১০০ ও ২০০ টাকা মূল্যমান নোটের রং, আকৃতি, ডিজাইন ও সকল নিরাপত্তা বৈশিষ্ট্য পূর্বের ন্যায় অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোট দুটির পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০০ ও ২০০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও চালু থাকবে।