০৬ জুলাই, ২০২৩
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে আব্দুর রহমান (৫০) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে নিঝুমদ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এই দুর্ঘটনা ঘটে।
আব্দুর রহমান উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড়দেইল গ্রামের আব্দুল হালিমের ছেলে। সে ট্রলারের বাবুর্চি ছিলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, তিন দিন আগে ২১ জেলে সাগরে মাছ ধরতে যান। বৃহস্পতিবার সকালে সাগর উত্তাল হয়ে পড়ায় তারা তীরে ফিরে আসছিলেন। কিন্তু প্রচণ্ড ঢেউয়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় ২০ জেলে সাঁতার কেটে পাশে থাকা অন্য আরেকটি ট্রলারে উঠেন। কিন্তু কেবিনের মধ্যে থাকা আব্দুর রহমান আর বের হতে পারেননি। পরে তাকেসহ ট্রলারটি ডুবে যায়।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারে কোস্ট গার্ড ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। জীবিত উদ্ধার হওয়া জেলেদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।