চাঁপাইনবাবগঞ্জে ৪ কেজি বিস্ফোরকসহ গ্রেপ্তার ১

২৫ জুলাই, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিস্ফোরকদ্রব্যসহ মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ কেজি ২০ গ্রাম গান পাউডারসহ ককটেল বানানোর সরঞ্জাম জব্দ করা হয়। মিজানুর রহমান জেলার গোমস্তাপুরের হোগলা এলাকার সাদিরুল ইসলামের ছেলে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সম্প্রতি সময়ে ককটেল এবং অন্যান্য বিস্ফোরকদ্রব্য ব্যবহার করে হত্যাসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটছিল। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জের সদর এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র‌্যাব। ঘোড়াপাখিয়া এলাকায় অভিযানে একটি ব্যাগে ৪ কেজি ২০ গ্রাম বিস্ফোরকদ্রব্য (গান পাউডার), তিনটি খালি টিনের জর্দ্দার কৌটা, ২ সে. মি সাইজের লোহার পেরেক, ব্লেডের ভাঙা অংশসহ (বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়) মিজানুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।