২৯ জুলাই, ২০২৩
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড়ে দূরপাল্লার বাসের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে আন্ধারীঝাড় বাজারের দক্ষিণে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা এলাকার আফতাব হোসেনের ছেলে সাগর হোসেন (২৪), সোহরাফ আলীর ছেলে সুমন (২৩) এবং শাহীন আলম (২৫)। ইতোমধ্যে বাসটি জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছেন বাসের চালক।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, রাত ৯টার দিকে একই মোটরসাইকেলে নাগেশ্বরীর রামখানা থেকে রায়গঞ্জ হয়ে ভূরুঙ্গামারীর দিকে যাচ্ছিলেন সাগর, সুমন ও শাহীন আলম। আন্ধারীঝাড় যাওয়ার আগে ভুরুঙ্গামারী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা এনা পরিবহনের একটি দূরপাল্লার বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।
বাসটি দ্রুত কুড়িগ্রাম যাওয়ার চেষ্টা করলে নাগেশ্বরী এলাকায় লোকজন জব্দ করে। পরে সেটি থানায় নিয়ে যায় পুলিশ।
নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম জানান, ঘটনাস্থল নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী থানার সংযোগস্থলে। দুই থানার পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন। উপস্থিত জনতা একটু উত্তেজিত হলেও তাদের চেষ্টায় নিয়ন্ত্রণে চলে আসে। চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করে থানায় নেয়া হয়েছে।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে আমি নিজে উপস্থিত হই। পার্শ্ববর্তী নাগেশ্বরী থানা পুলিশসহ আমরা মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে