৩১ জুলাই, ২০২৩
আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করবে বিএনপি। এরই মধ্যে শুরু হয়েছে মঞ্চ নির্মাণকাজ। চারটি পিকআপ দিয়ে তৈরি করা হচ্ছে ভ্রাম্যমাণ মঞ্চ।
সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টায় শুরু হবে এ সমাবেশ।
সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে, রোববার (৩০ জুলাই) রাতে জরুরি সংবাদ সম্মেলন করে সমাবেশের ভেন্যু পরিবর্তনের তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৩১ জুলাই) বিকেল ৩টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, এক দফা সরকার পতনের দাবিতে লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।