ডেমরায় গোসল করতে নেমে শিক্ষার্থী নিখোঁজ

০১ আগস্ট, ২০২৩

রাজধানীর ডেমরায় শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে  এক এসএসসি শিক্ষার্থী নিঁখোজ হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার দুপুর ২ টার দিকে সারুলিয়া ওয়াসা ঘাটে  দুর্ঘটনা ঘটে। 

এদিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঢাকা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল প্রায় ৪ ঘন্টা চেষ্টা করেও ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

নিহত শিক্ষার্থীর নাম-মো. সাফওয়ান আহমেদ (১৬) । সাফওয়ান সারুলিয়া বাজার এলাকার মৃত শিপন মিয়ার ছেলে। ছেলেটি সারুলিয়া এলাকার এম.এ সাত্তার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে অধ্যয়নরত।

এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি বলেন, সাফওয়ান সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে ফুটবল নিয়ে নদীতে গোসল করতে নামে। এ সময় ফুটবলটি ফেলে সাফওয়ান সেটি আনতে নদীতে নেমে ডুব দিলে সে আর উঠে আসেনি। এদিকে তার বন্ধুরা বিষয়টি দ্রুত সাফওয়ানের মা ফেরদৌসিকে জানালে তিনি ৯৯৯ এ কল করেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় চেষ্টা করেও সাফওয়ানকে আর খুঁজে পায়নি।