কেমন ছিল তামিমের নেতৃত্ব

০৩ আগস্ট, ২০২৩

বাংলাদেশ ক্রিকেটে অতীত হলো আরো একটি অধ্যায়। শেষ হলো ‘অধিনায়ক’ তামিমের গল্প। দেশের ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক হয়েই নেতৃত্ব ছাড়লেন চট্টগ্রামের এই ক্রিকেটার। 

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে অনেকটা আকস্মিকভাবেই শেষ হলো তার নেতৃত্বের তিন বছরের যাত্রা।

মাশরাফিকে যে কাঁধে করে বিদায় জানিয়েছিলেন তামিম। সেই কাঁধেই ২০২০ সালের ৮ মার্চে বর্তায় ওয়ানডের দায়িত্ব। নেতৃত্বও পেয়েছিলেন বিস্ময়করভাবেই। ঘরোয়া ক্রিকেটেও অধিনায়কত্ব করার তেমন অভিজ্ঞতা না থাকা সত্বেও দীর্ঘ মেয়াদি নেতৃত্ব পান তিনি৷

মাত্র ম্যাচে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা নিয়ে দলের হাল ধরেছিলেন তামিম। সেই চার ম্যাচে সাফল্যের খাতা ছিল ০। তিন ওয়ানডে আর ১ টেস্টে নেতৃত্ব দিয়ে হারের স্বাদ পান প্রতিটিতেই। তবুও তার ওপর আশা রাখে বিসিবি, ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেয়া হয় তার কাঁধে।

তবে নিরাশ করেননি তামিম, অনভিজ্ঞতা থেকেও দূর্দান্ত নেতৃত্ব দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার মাঠে যেখানে বড় রাঘববোয়ালরাও খাবি খায়, সেখানে বাংলাদেশ দল তার নেতৃত্বেই সিরিজ জয়ের স্বাদ পায়! অবশ্য আছে তিক্ততাও, সিরিজ হারতে হয় জিম্বাবুয়ের কাছে।

তামিম বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছেন ৩৭টি ম্যাচে, যেখানে বাংলাদেশ দল জয়ের দেখা পেয়েছে ২১টিতে। শতাংশ অনুপাতে ৫৬.৭৫ ম্যাচ জিতেছে বাংলাদেশ। পরাজয়ের স্বাদ পেয়েছে ১৪ ম্যাচে। 

সর্বশেষ গত ৫ জুলাই আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচে দলের নেতৃত্ব দেন তিনি। ওই ম্যাচটা বড় ব্যবধানে হেরেও যায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় ম্যাচের আগে হঠাৎ অবসর নিয়ে বসেন। পরবর্তীতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দলে ফিরলেও নেতৃত্বে আর কখনোই দেখা যাবে না তামিমকে।