২৫ আগস্ট, ২০২৩
নাইজেরিয়ার রাজধানী আবুজায় গারকি জেলায় ঘনবসতিপূর্ণ এলাকায় দোতলা একটি বাড়ি ভেঙে পড়েছে। এ ঘটনায় অনন্ত দুইজনের মৃত্যু হয়েছে। উদ্ধাকরারীরা এখনও সেখানে কাজ করে যাচ্ছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) এই বাড়িটি ভেঙে পড়ে। বুধবার থেকে সেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তারপরেই বাড়িটি ভেঙে পড়েছে বলে এক প্রত্যক্ষদর্শী সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন।
এই বাড়িতে কয়েকটি দোকান ছিল। মানুষও থাকতেন। উদ্ধারকারী দল এলিভেটর ও বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ সরাচ্ছে।
নাইজেরিয়ার ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র এনকেচি ইসা সংবাদসংস্থা এপি-কে জানিয়েছেন, এখন পর্যন্ত ৩৭ জনকে উদ্ধার করা হয়েছে, তারা বেঁচে আছেন। যতক্ষণ পুরো ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কাজ করে যাবেন।
যারা এখনও ধ্বংসস্তূপের নিচে আছেন বলে মনে করা হচ্ছে, তারা সম্ভবত বাড়ির মাঝখানে ছিলেন।
নাইজেরিয়ায় বাড়ি ধসে পড়ার ঘটনা প্রায়ই ঘটে। অভিযোগ, সরকারি কর্মকর্তারা বাড়ি তৈরির নিয়মের কঠোর সিদ্ধান্ত না নেওয়ার কারণে বাড়ির কাঁচামাল ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো অবহেলিত থাকে। সেজন্যই সেখানে এতো বাড়ি ভাঙার ঘটনা ঘটছে।