হাসপাতালে মরদেহ ফেলে পালালো অজ্ঞাত দুই ব্যক্তি

০৩ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আঘাতপ্রাপ্ত জাহিদুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ ফেলে পালালো অজ্ঞাত দুই ব্যক্তি।

শনিবার (২ সেপ্টেম্বর) রাতে সাভার উপজেলা হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে এ রেখে যায় তারা। এরআগে নিহত জাহিদুল ইসলাম রেদোয়ান সিকিউরিটিজ এজেন্সিতে চাকরির জন্য যায়।

নিহত জাহিদুল ইসলাম রংপুর জেলার বদরগঞ্জ থানার বৈরামপুর গ্রামের আজমিয়া পাইকারের ছেলে। সাভারের ইমান্দিপুরে থাকতেন তিনি। প্যাডরোলো পানির পাম্পের শো রুমে সিকিউরিটি হিসেবে কাজ করতেন।

রেদোয়ান সিকিউরিটিজ এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর রেদোয়ান হোসেন খন্দকার বলেন, সোলেমান নামে এক বৃদ্ধ জাহিদুলকে আমার অফিসে নিয়ে আসেন চাকরি জন্য। নামাজের ১০ মিনিট আগে আমার সাথে কথা বলে দুইজনেই বের হয়ে যান। একটু পরেই শুনি জাহিদুলের মরদেহ হাসপাতালে। পরে আমি সোলেমানের সাথে ফোনে কথা বলি তিনি জানান অফিস থেকে বেরিয়ে একটি বাসে উঠে তিনি চলে গেছেন। জাহিদুল তার ইমান্দিপুরে বাসায় যাবে বলে অটোরিকশায় জন্য অপেক্ষা করছিলেন।

এ বিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, আমাদের হাসপাতালে দুইজন ব্যক্তি একজন আহত ব্যক্তিকে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই সেই ব্যক্তির মৃত্যু হয়েছে। যারা মরদেহটি এনেছে তারা রিকশা ভাড়া দেয়ার কথা বলে পালিয়ে গেছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব বলেন, বিকেলে পৌরসভার তালবাগ এলাকায় রেদোয়ান সিকিউরিটি এজেন্সিতে চাকরির জন্য যান জাহিদুল। সেখান থেকে মাগরিব নামাজের ১০ মিনিট আগে বের হয়ে আসেন তিনি। তার ঠিক ১৫ থেকে ২০ মিনিট পরই কপালে ও পায়ে আঘাতপ্রাপ্ত জাহিদুলকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন দুইজন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রিক্সাভাড়া দেয়ার কথা বলে তারা দুইজন হাসপাতাল থেকে বেরিয়ে যায়। যাবার আগে বলে গেছে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন। আমরা ধারণা করছি সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন। তারপরও বিষয়টি তদন্ত করছি।