২২ সেপ্টেম্বর, ২০২৩
এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে তিনটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় এক লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) অঞ্চল-১ এর আওতাধীন উত্তরা ৭ ও ৯ নম্বর সেক্টর এলাকায় মশকনিধন অভিযান পরিচালনাকালে দুটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় দুই মামলায় এক লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ডেঙ্গুনিয়ন্ত্রণে বাসাবাড়ি, বাণিজ্যিক ভবন ও নির্মাণাধীন ভবনে, ফাঁকা প্লটে মশকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। ডিএনসিসির অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা জহুরা এ অভিযান পরিচালনা করেন।
অঞ্চল-৩ এর আওতাধীন তেজগাঁও ও বনানী এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখী আহমেদ মশকনিধন অভিযান পরিচালনা করেন। অভিযানকালে কয়েকটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় সতর্ক করা হয়।
অঞ্চল-১০ এর আওতাধীন বাড্ডা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত মশকনিধন অভিযান পরিচালনা করেন। একটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ডিএনসিসির সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ডিএনসিসির দশটি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ ও মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করেন। ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে পথনাটক আয়োজন করার মাধ্যমে মানুষকে সচেতন করেন।