২৮ সেপ্টেম্বর, ২০২৩
যশোরের রেলস্টেশন এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আদনান আহমেদ প্রান্ত নামের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। পায়ে ও হাতে ছুরি মেরে তার কাছে থাকা জিনিসপত্র ছিনতাইয়ের চেষ্টা করা হয়।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে আদনানের বন্ধুরা তাকে উদ্ধার করে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করে। আদনান যবিপ্রবির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী আদনান বলেন, আমি এক বন্ধুর বাসায় যাওয়ার পথে পথিমধ্যে টয়লেটে যাই। টয়লেট শেষে পেছন ফিরে তাকাতেই অজ্ঞাত একটি ছেলেকে দেখি। কিছু বুঝে ওঠার আগেই আমার পায়ে ছুরি দিয়ে আঘাত করে বসে। তারপর ছিনতাইকারীর সাথে আমার কিছুটা ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারী আমার হাতেও চাকু বসিয়ে দেয়।
এ বিষয়ে ছাত্র ইউনিয়নের যবিপ্রবি সংসদের আহ্বায়ক রাশেদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ওপর এমন ন্যক্কারজনক হামলা এবং ছিনতাই এর ঘটনায় আমরা উদ্বিগ্ন। আমরা দোষী ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। এবং যশোরের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার জন্য যশোর জেলা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি।
যশোর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (এসআই) রোকন বলেন, বিষয়টি দেখতেছে চাচড়া ফাড়ি পুলিশ টিম এবং মোবাইল টিম। তারা ইতিমধ্যে আসামি ধরার জন্য অভিযান চালাচ্ছে। আসা করা যায় খুব দ্রুত আসামি ধরা পড়বে।