রাজধানীতে বাসের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত ২

০৫ অক্টোবর, ২০২৩

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডেমরা আতিক মার্কেট মসজিদ সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই দুই ব্যক্তি হলেন—চালক সাধবিন ইসলাম শাওন (৩৪) ও যাত্রী শাহ আলম ভুইয়া (৬০)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ডেমরা চৌরাস্তার পাশে একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাহ আলমের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়। বর্তমানে ডেমরা দক্ষিণ টেংরা এলাকায় থাকতেন। আর অটোরিকশা চালক শাওনের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। বর্তমানে সবুজবাগ মাদারটেক এলাকায় থাকতেন তিনি।

 

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা জানান, বাসের ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রী মারা গেছেন। তবে ঘটনাস্থলে গিয়ে বাসটিকে পাওয়া যায়নি।