০৯ অক্টোবর, ২০২৩
কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আম্বিয়া খাতুন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (০৮ অক্টোবর) রাত ৮টার সময় কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আম্বিয়া খাতুন মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুরে মেয়ের বাড়ি থেকে ছোট ছেলে রাশিদুল ইসলামের মোটরসাইকেলে কচুবাড়ীয়ার দিকে যাচ্ছিলেন আম্বিয়া। পথে ঘটনাস্থলে এলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন মা। তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী আব্দুল মালেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।