সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

১৬ অক্টোবর, ২০২৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট বিজি-৫৮৪ সিঙ্গাপুরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, পররাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের কনস্যুলার শিলা পিল্লাইসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে থেকে চিকিৎসা শেষে আগামী ৩০ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপ্রধানের।