৭ দিন পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

২৬ অক্টোবর, ২০২৩

টানা সাতদিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্গোৎসব উপলক্ষে ভারতের হিলির ব্যবসায়ী সংগঠন এক্সপোর্টার অ্যান্ড ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) থেকে বুধবার (২৫ অক্টোবর) পর্যন্ত টানা সাতদিন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে কার্যক্রম আবারও চালু হয়েছে।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে দুদেশের মধ্যে বাণিজ্য বন্ধ থাকলেও সরকারি ঘোষিত ছুটির দিন ছাড়া অন্যান্য দিন বন্দরের লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক ছিল।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল আলম বলেন, শারদীয় দুর্গোৎসব উৎযাপনে বন্দর দিয়ে কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।