১৪ নভেম্বর, ২০২৩
শর্তহীন সংলাপে বসতে প্রধান তিন রাজনৈতিক দলকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু'র পাঠানো চিঠি আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণায় কোনো ধরনের প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্ন ছিল- ভোট পিছিয়ে সংলাপের জন্য চিঠি পাঠিয়েছেন ডোনাল্ড লু এ বিষয়ে ইসি কনসার্ন কি? তফসিলে প্রভাব পড়বে কি? জবাবে ইসি সচিব বলেন, অবশ্যই না। ডোনাল্ড লু'র চিঠি সংলাপের কি না এই বিষয়ে কমিশন অবগত নয়। কমিশন তার নিজস্ব গতিতে সাংবিধানিক আলোকে যেভাবে রোড ম্যাপ প্রস্তুত করেছে সেইভাবে কাজ করবে।
ইসি সচিব বলেন, কবে, কখন, কীভাবে তফসিল ঘোষিত হবে তা আগামীকাল (বুধবার) সকাল ১০ টায় ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেবো।