১৬ নভেম্বর, ২০২৩
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পাঁচজন ঢাকার বাসিন্দা।বৃহস্পতিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪২৯ জন। এর মধ্যে ঢাকা সিটির ৩০২ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ১২৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৫৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৯৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৯১ হাজার আটজন। মারা গেছেন ১ হাজার ৫২৮ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৯০ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৩৮ জন।