০৩ ডিসেম্বর, ২০২৩
নওগাঁর মহাদেবপুরে লাইলী নামের এক মহিলা চাতাল শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।রোববার সকালে উপজেলার ভীমপুর ইউনিয়নের হাটচকগৌরী এলাকায় উজ্জ্বল চালকল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘরে পড়ে ছিল তার গলাকাটা লাশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাইলী বেগম ও তার স্বামী আমজাদ হোসেন ওই চালকলে ধান শুকানোর কাজ করতেন এবং ওই চালকলেই স্বামী-স্ত্রী বসবাস করতেন। প্রতিদিনের মতো কাজ শেষ করে স্বামী-স্ত্রী ঘুমাতে যান। সকাল বেলা চালকলের অন্য শ্রমিকরা তাদের ঘরে লাইলীর গলাকাটা লাশ দেখতে পান। এ ঘটনার পর থেকেই লাইলীর স্বামী আমজাদ হোসেন পলাতক রয়েছেন। মান্দা উপজেলার প্রসাদপুর এলাকায় তাদের বাড়ি বলে জানা গেছে।
মহাদেবপুর থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।