০৫ ডিসেম্বর, ২০২৩
ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় ইসাবেলা প্রদেশে নিখোঁজ একটি ছোট বিমানের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। একটি সামরিক হেলিকাপ্টার থেকে মঙ্গলবার বিমানটি শনাক্ত করা হয়।বিমানটিতে পাইলটসহ দুই আরোহী ছিলেন। প্রাদেশিক মুখপাত্র এ কথা জানিয়েছেন।
ইসাবেলায় ঘটনা ব্যবস্থাপনা দলের জোশুয়া হাপিনাত বলেন, বিমানটির পাইলট এবং আরোহীর অবস্থা জানতে ফিলিপাইন বিমানবাহিনীর হেলিকপ্টারটি ধ্বংস্তুপের কাছাকাছি যেতে পারেনি। কেননা, বিধ্বস্ত বিমানটির অবস্থান ছিল পাহাড়ি বনভূমির একেবারে গভীরে।ইসাবেলা প্রদেশ কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে একটি দল পাঠাবে।
ফিলিপাইনের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, এক ইঞ্জিন বিশিষ্ট ছোট আকারের পাইপার বিমানটি ৩০ নভেম্বর স্থানীয় সময় সকাল ৯টা ৩৯ মিনিটে ইসাবেলার কাউয়ান সিটি বিমানবন্দর থেকে শহরের পূর্ব উপকূলীয় শহর পালানানে যাওয়ার সময় নিখোঁজ হয়।
সূত্র : বাসস