১৬ ডিসেম্বর, ২০২৩
চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মিরাজুল ইসলাম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের পাত্তারপুকুর এলাকায় সাত্তার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু মিরাজুল ওই বাড়ির কামরুল হাসানের ছেলে।
মিঠানালা ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।মিরাজের চাচা জাহেদ হোসেন জানান, মিরাজের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু মিরাজ সবার অজান্তে কোনো এক সময় পুকুরে ডুবে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের সামনে পুকুরে তাকে ভাসতে দেখা যায়। পরে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।