২২ ডিসেম্বর, ২০২৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে ইয়াবাসহ জাফর আলী নামে এক সন্ত্রাসীকে সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড পৌর সদরের রেলওয়ে দীঘির পাড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার অপরজনের নাম আবদুল মান্নান মনা। এ সময় তাদের কাছ থেকে ২২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সীতাকুন্ড থানার ওসি কামাল উদ্দীন বলেন, গ্রেফতার জাফর আলী সীতাকুণ্ডের ত্রাস সন্ত্রাসী মো. আলীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে চাঁদাবাজি, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে। জাফরের সহযোগী আবদুল মান্নান মনার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।