ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের নারী কর্মকর্তার মৃত্যু

১১ জানুয়ারী, ২০২৪

রাজধানীর মৌচাকে ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে যাওয়ার সময় ভবন থেকে মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের এক সহকারী পরিচালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যার দিকে শান্তিনগর থেকে হেঁটে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখায় সহকারী পরিচালক (এডি) হিসেবে কর্মরত ছিলেন নিহত দিপু সানা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরায়।

পুলিশ বলছে, মৌচাক ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে যাওয়ার সময় উপর থেকে ইট পড়লে ঘটনাস্থলে সানা দিপুর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিহত সানার স্বামী তরুণ বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় শান্তিনগর থেকে হেঁটে বাসায় যাচ্ছিলেন দিপু সানা। রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়।