ট্রলার থেকে ৮৫ মণ জাটকা জব্দ

১৫ জানুয়ারী, ২০২৪

মেঘনা নদীতে একটি ট্রলার থেকে ৮৫ মণ জাটকা জব্দ করেছে টাস্কফোর্স। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জাটকাগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদে বরিশালের হিজলা থেকে জাটকা বোঝাই ট্রলারটি চাঁদপুরের হাইমচরের ইশানবালার দিকে যাওয়ার সময় আটক করা হয়

চাঁদপুর সদর উপজেলা জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে টাস্কফোর্স সদস্যরা মেঘনা নদীতে অভিযানে বের হন। এরমধ্যে একটি দল মেঘনার মোহনা এলাকায় অভিযান চালায়। অপর দলটি অভিযান চালিয়ে ঈশানবালা থেকে ট্রলারসহ জাটকাগুলো জব্দ করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে আসে। তবে ট্রলারে থাকা জাটকার মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে রাত সাড়ে ১০টায় কোস্টগার্ড স্টেশনে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথীর উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় জাটকাগুলো দেওয়া হয়।