তাপমাত্রার পারদ নেমেছে মেহেরপুরে

১৭ জানুয়ারী, ২০২৪

মেহেরপুরে আজও কমেছে তাপমাত্রার পারদ। গতকাল মঙ্গলবার আগের দিনের চেয়ে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও তা কমে দাঁড়িয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় শ্রমজীবী মানুষ সীমাহীন কষ্টের মধ্যে সময় পার করছেন।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এ অঞ্চলে সর্বনিম্ন ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে।

আজ সকাল থেকে রাস্তাঘাট শূন্য অবস্থা বিরাজ করছে। কাজের প্রয়োজনে ঘর থেকে বের হলেও তীব্র শীত আর গুড়ি গুড়ি বৃষ্টিতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাফেরা। কাজ না পারায় চরম বিপাকে পড়েছেন নিম্ন-আয়ের শ্রমজীবী মানুষ। চায়ের দোকান আর বাড়িতে বসে বসে সময় পার করছেন অনেকে।

 

পূর্ব মালসাদহ গ্রামের রাজমিস্ত্রি আক্তার হোসেন বলেন, গত ১০ দিন ধরে কাজ করতে গিয়ে নানা সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। সকালে একজন মিস্ত্রি আসে তো জোগালে আরেকজন আসেন না। আবার মালামাল বহনের জন্য সময়মত ভ্যান গাড়ি পাওয়া যায় না। তীব্র শীতের কারণেই এসব হচ্ছে। এজন্য আমাদের আয় রোজগারে ভাটা পড়েছে।

মেহেরপুর শহরের রিক্সা চালক ইকলাস হোসেন বলেন, আমি সবসময় ভোর থেকে রিক্সা চালায় আর বিকেলে অন্য কাজ করি। শীত আর কুয়াশার কারণে এখন রাস্তায় যাত্রী তেমন একটা পাচ্ছি না। দীর্ঘ সময় বসে থেকেও মিলছে না প্রয়োজনীয় সংখ্যক যাত্রী।