১১ আগস্ট, ২০২০
নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ দুই ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১১টার দিকে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত দুজন হলো নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নাজিম উদ্দিন খানের ছেলে ও কদমরসুল কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র নিহাদ (১৮) এবং কাজিম উদ্দিনের ছেলে ও বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র জিসান (১৫)।
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর উপজেলার ইস্পাহানি ঘাট এলাকায় স্থানীয় দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় একপক্ষ ধাওয়া দিলে অপরপক্ষের নিহাদ ও জিসান শীতলক্ষ্যা নদীতে নৌকায় গিয়ে উঠে। পরে নৌকা থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে। তারা দুজন সাঁতরে তীরে উঠে গেছে এমনটি ভেবে স্থানীয় লোকজন বিষয়টিতে গুরুত্ব দেননি। তবে রাতে তারা বাড়ি না ফিরলে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। তখন তাঁরা সংঘর্ষ ও ধাওয়ার ঘটনার কথা জানতে পারেন। শীতলক্ষ্যা থেকে রাত সোয়া ১১টার দিকে দুজনের লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বন্দর থানা পুলিশ জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ দেয়নি। কী কারণে এই ঘটনায় ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।