১৬ আগস্ট, ২০২০
করোনার সংক্রমণের কারণে এতদিন শুটিং হয়নি ‘মিশন ইম্পসিবল’ সিনেমার সপ্তম কিস্তির। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দৃশ্যায়নে যায় ছবির টিম। শুরুতেই বাধে বিপত্তি। অগ্নিকাণ্ডের কবলে পড়ে টম ক্রুজের ‘মিশল ইম্পসিবল’র শুটিং সেট। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। টম ক্রুজসহ সবাই সুস্থ রয়েছেন।তবে এমন ঘটনার জেরে বেজায় চটেছেন প্রযোজক-অভিনেতা টম ক্রুজ।
বিভিন্ন সূত্রের বরাতে জানা যায়, গত মঙ্গলবার অক্সফোর্ডশায়ারে বেশ ভারী সেট নির্মাণ করা হয়েছিলো ছবিটির জন্য। সেখানে একটি মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ স্টান্ট করার সময় মোটরসাইকেলে আগুন ধরে যায়। শূন্যে মোটরসাইকেল দিয়ে স্টান্ট করার সময় নামতে গিয়ে মোটরসাইকেলটি বিস্ফোরিত হয়।
মিশন ইম্পসিবল ছবিতে নিজের স্টান্ট নিজেই করতে পছন্দ করেন টম ক্রুজ।তবে ওই দিন তিনি শুটিংয়ে অংশগ্রহণ করেননি। ছয় সপ্তাহ ধরে পরিকল্পনা করা হয়েছিল, তবু সফল হয়নি স্টান্টটি। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধারকাজ চালান।
এদিকে ডেইলি মেইল জানিয়েছে, আগুন লেগে কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। সেটটি সাজাতেই খরচ হয়েছে প্রায় ২২ কোটি টাকার ওপরে। এই দৃশ্যের জন্য পুনরায় আবার সেট তৈরি করতে হবে।