চাঁদের উদ্দেশে যাত্রা করল পাকিস্তানের স্যাটেলাইট

০৩ মে, ২০২৪

প্রথমবারের মতো চাঁদে স্যাটেলাইট পাঠালো পাকিস্তান। এই চন্দ্রযাত্রায় সহায়তা করছে চীন। পাকিস্তানের এই চন্দ্র মিশনের নাম দেওয়া হয়েছে আইকিউব-কিউ। খবর জিও টিভির।

শুক্রবার (৩ মে) চীনের হাইনান থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে।

উৎক্ষেপণ কার্যক্রম পাকিস্তানের ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির ওয়েবসাইটের পাশাপাশি চীনা রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে।

প্রথম চন্দ্র কক্ষপথে যাত্রা করার জন্য দেশ ও সংশ্লিষ্ট বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, আইকিউব-কিউ স্যাটেলাইট মহাকাশে পাকিস্তানের প্রথম পদক্ষেপ। পাকিস্তানি বিজ্ঞানী, প্রকৌশলী ও দক্ষ কর্মীরা পারমাণবিক প্রযুক্তিতে যে দক্ষতা দেখিয়েছেন, সেভাবে এই ক্ষেত্রে তাদের দক্ষতা প্রমাণ করছেন।

ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজির (আইএসটি) কোর কমিটি, ড. খুররম খুরশীদ, সুপারকো দলের সকল সদস্য এবং এই প্রকল্পে অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা জানান তিনি।

আইএসটির কোর কমিটির সদস্য ড. খুররম খুরশিদ বলেন, পাকিস্তানের স্যাটেলাইট পাঁচ দিনের মধ্যে চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে এবং তিন থেকে ছয় মাসের জন্য চাঁদের চারদিকে প্রদক্ষিণ করবে।

চীনের লং মার্চ-৫ রকেটের মাধ্যমে এই মিশন পরিচালিত হচ্ছে বলে জানান তিনি।

ড. খুররম খুরশিদ বলেন, স্যাটেলাইটের সাহায্যে চাঁদের পৃষ্ঠের বিভিন্ন ছবি তোলা হবে, এরপর গবেষণার জন্য পাকিস্তানের নিজস্ব স্যাটেলাইট ছবি থাকবে।

স্যাটেলাইটটি ডিজাইন ও তৈরি করেছে আইএসটি চীনের সাংহাই ইউনিভার্সিটি ও পাকিস্তানের জাতীয় মহাকাশ সংস্থা সুপারকোর।